সোমবার, ২৯ আগস্ট, ২০২২

নিজেই গেল হেরে

নিজেই গেল হেরে


বাবলু আহির


স্বহস্তে যাকে শিখিয়ে ছিলাম

অ এ অজগর,আ এ আম,ই এ ইঁদুর…

আজ সে বহুদুর

অতীতের পাতায় ব্যঞ্জনে ব্যঞ্জনে

হারিয়ে ফেলেছে নিজস্ব সুগন্ধ

বিষাদের বাতাসে মিশে।


নরম তুলতুলে হাতটা বর্ণের খাঁজে খাঁজে

স্বাভাবিক গতিতে চলতে গিয়ে

অবাক চাহনিতে কাব্যস্মৃতির বর্ণমালা লিখে গিয়েছিল।

আজ সেই বর্ণমালা সাজাতে গিয়ে ভিড় করল আবেগ

উপচে পড়া সেই ভিড়ে

কোথায় মিলিয়ে গেল সে কে জানে!


সোনা ঝরা শীতের সকালে সুবোধ বালকটি

মিষ্টি সুরে পাঠের অনুশীলন করতে করতে

কখন যে বড়ো হয়ে গেল!

তার ইশারায় সাড়া দিয়ে মাথার উপর সূর্য এলো

হঠাৎই গ্রহণ লেগে আঁধার হলো যেই

নিভে গেল জীবন দীপ ভুল বাতাসের ঝাপটায়!


আঁধার শেষে আলোর জগতে

ভুল বাতাস নাম বদলে ফেলে পলকে

দিক বদলে দখিণা হয়ে স্বান্তনা দিয়ে যায় জ্বলন্ত বুকে।

মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটা মনে করিয়ে দেয়

সে যে জীবনের লড়াইয়ে আবেগের ঘূর্ণি টেনে

নিজস্ব উদ্যোগে নিজেই গেল হেরে!

কোন মন্তব্য নেই: