বাবলু আহির
আজ বড্ড অবেলায় এসে
রোজের আড্ডায় বাসটা ফেল করলাম।
সূর্য ছেড়ে গেছে কর্তব্যের সই রেখে
সবুজের গোড়ায় সন্ধ্যা নেমেছে জোর করে
রাসায়নিক আলো তার অস্তিত্বের লড়াই করছে এখন।
মহুয়া দি, সবিতা দি আলাপী ভঙ্গিতে কিছু উচ্ছিষ্ট
ছড়িয়ে দিয়ে গেছে কোমল তৃণে।
মুচমুচে হাসির ঠোঙা গুলো শিশির মাখছে সান্ধ্য হাওয়ায়।
ওরা চলে গেছে সময়ের টানে!
আমার অসময় হিঁচড়ে টেনে এনে আমাকে এখানে একলা করতে চেয়েছিল
হেরে গিয়ে গা ঢাকা দিয়েছে ঘুমের ভাঁজে।
আমি স্পষ্ট দেখছি
ভাস্করদার সর্বাঙ্গ সবুজ হচ্ছে
হাসছে কিংশুকদার কিরণ ব্যস্ততার ছটায়।
আজ কি পাপন এসেছিল?
ও বোধহয় ল্যাম্পপোস্টে আলো জ্বালাতে ব্যস্ত!
আমার সারাদিনের ক্লান্তিকে এখানে কবর দিতে এসে
থমকে দাঁড়িয়ে আছি;
অদূরে ছায়া ছায়া কৌতূহল উপহাস করছে-
ওরা কি সত্যিই কেউ এসেছিল?
09/09/2018
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন