ওরা কারা
বাবলু আহির
যে গলিতে আমার বাস
এইমাত্র একটা লম্বা মিছিলের স্রোত বয়ে গেল
কেঁপে উঠলো সংকীর্ণ অলিন্দ শ্লোগানের ঝংকারে।
কংক্রিট উঠোনে দাঁড়িয়ে চোখ খুব ব্যস্ত
কার অন্বেষণে জানিনা।
কণ্ঠ থেকে ছিটকে যাওয়া অবাধ্য স্বর
শ্লোগানের সাথে আত্মীয়তা করতে করতে
ফিরে আসে জিজ্ঞাসা হয়ে
কী হলো, চিনতে পারছোনা?
তাপ হারালো কংক্রিট মেঝে
গভীর হলো কপালের ভাঁজ
উত্তরের অপেক্ষা না করেই এগিয়ে চললো মিছিল!
সারির শেষ অংশও ঝাপসা হয়ে আসে
আবছা স্মৃতির আলোআঁধারিতে
জিজ্ঞাসা হাতড়ে বেড়ায় তার প্রিয় উত্তরকে
স্তম্ভিত দেহের অস্থির মন বারবার জ্বালে আলো
কে যেন আসে আর নিভিয়ে দিয়ে যায় তার শিখা।
ছুটে চলে সন্ধ্যা, গাঢ় হয় আঁধার চাঁদের লোভে
উৎসুক সপ্তর্ষিমণ্ডল ইশারা করে-
মিছিলের সারিতে ওরা কারা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন